শ্রীমঙ্গল সম্মেলনে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার দাবি
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেখবাড়ি জামিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কেআনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন। শনিবার রাতে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম ও ইসলামী চিন্তাবিদরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, কাদিয়ানীরা ইসলামের মৌলিক বিশ্বাসের কয়েকটি বিষয়ের বিরোধিতা করে এবং নিজেদের মতবাদকে ইসলামের অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা চালায়। তাঁদের অভিযোগ, এ কারণে কাদিয়ানী সম্প্রদায়ের কার্যক্রম সীমিত করা ও আইন প্রণয়ন করা জরুরি।
সম্মেলনের সভাপতিত্ব করেন বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস রশিদুর রহমান ফারুক বর্ণভী। ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন আলেম এতে বয়ান দেন।
বক্তারা কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ ও সন্ত্রাস প্রতিরোধে কওমি মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে কাজ করছে। তাঁদের অভিযোগ, দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়ার পরও এর যথাযথ বাস্তবায়ন হয়নি।
সম্মেলনকে ঘিরে দুই দিন ধরে মাদ্রাসা প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম হয়। দেড় শতাধিক স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় শৃঙ্খলার ব্যবস্থা করা হয়। শেষ রাতে মোনাজাত পরিচালনা করেন মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।





