কমলগঞ্জে বিমান বাহিনীর ৫৩তম নবীন রিক্রুটদের প্রশিক্ষণ
মৌলভীবাজার (কমলগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ বিমান বাহিনীর ৫৩তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জের শমশেরনগর অবস্থিত রিক্রুটস ট্রেনিং স্কুলে (আরটিএস) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।
বিমানবাহিনী প্রধান রিক্রুটদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, তারা দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের আকাশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মোট ৪৪১ জন রিক্রুট বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন। এসি-২ মো. ওমর ইবনে নোমান এবং এসি-২ রেদোয়ান আহম্মেদ যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট হিসেবে নির্বাচিত হয়েছেন। মো. ওমর ইবনে নোমান সার্বিক কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুটের গৌরব অর্জন করেন।
উল্লেখযোগ্যভাবে, অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





