‘ফেয়ার প্লেয়ার্স আ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত মৌলভীবাজার বার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অ্যাডভোকেট প্রিমিয়ার লীগ বাংলাদেশ ঢাকায় প্রথম বারের মতো অংশগ্রহণ করে ফেয়ার প্লেয়ার্স অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত হয়েছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। বসুন্ধরা স্পোর্টস সিটি ঢাকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে টিম অধিনায়ক অ্যাডভোকেট নিয়ামুল হকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আয়োজক কমিটি।
জানা যায়, দেশের সকল আইনজীবীদের নিয়ে বৃহৎ পরিসরে প্রতিবছর অ্যাডভোকেট প্রিমিয়ার লীগ ক্রিকেট ম্যাচটি আয়োজন করে থাকে আয়োজক কমিটি। এতে শুধুমাত্র সনদপ্রাপ্ত বিভিন্ন বারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। আইনজীবীদেরকে বিনোদন দিতে ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি করা হয়ে থাকে, ফলে আইনজীবীরা তাদের পেশার বাহিরে কিছুটা আনন্দ উল্লাস করার সুযোগ পান।
এই বছর এই লীগে অংশগ্রহণ করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির একদল তরুণ ক্রিকেট টিম। খেলায় মৌলভীবাজারের অ্যাডভোকেট টিম হিসাবে উপস্থিত ছিলেন অধিনায়ক নিয়ামুল হক, টিম লিডার ইমরান লস্কর, এএসএম মাহফুজুর রহমান, আহমেদুর রহমান মুরাদ, মো. সাইফুর রহমান, হিমাদ্রি ভট্টাচার্য, ইমরান খান, মো. মাজহারুল ইসলাম, মো. রুবেল আহমেদ এবং সৌরভ ধর।
ফাইনাল ম্যাচে উন্নিত হতে না পারলেও মাঠে ভালো পারফরম্যান্স করার কারণে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতিকে ফেয়ার প্লেয়ার্স অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করেছে আয়োজক কমিটি। এই সম্মাননা প্রদান করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন মৌলভীবাজার আইনজীবী সমিতি খেলোয়াড়গণ।
ম্যাচ অধিনায়ক অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, ‘শুক্রবার (১৯ ডিসেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটি ঢাকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে আমার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়। আমরা তাদের এই অ্যাওয়ার্ডে অনুপ্রেরণা পেয়েছি এবং প্রতি বছর অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি।’





