শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সুরক্ষায় স্টেকহোল্ডারদের সঙ্গে সভা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগের উদ্যোগে এবং শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সহযোগিতায় শ্রীমঙ্গলের রামনগর এলাকার গ্র্যান্ড সেলিম রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু। তিনি বলেন, “পর্যটন খাতে সেবা প্রদানকারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা গেলে ভোক্তারা সুরক্ষিত থাকবেন। একই সঙ্গে পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” তিনি ভোক্তা-অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার যুগ্ম আহ্বায়ক ও গ্র্যান্ড সেলিম রিসোর্টের স্বত্বাধিকারী সেলিম আহমেদ। তিনি বলেন, “শ্রীমঙ্গল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের সঙ্গে পেশাদার আচরণ ও ন্যায্য সেবা নিশ্চিত করা সকল ব্যবসায়ীর দায়িত্ব।”
সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সদস্যসচিব কাজী শামসুল হক। তিনি বলেন, “পর্যটন খাতে ভোক্তা ও সেবা প্রদানকারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সচেতনতা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন শ্রীমঙ্গলের পর্যটন ব্যবস্থাপনাকে আরও শৃঙ্খলিত করবে।”
আরও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া ও দেবানন্দ সিনহা এবং মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। তারা ভোক্তা-অধিকার আইন বাস্তবায়নে পর্যটন খাতের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সভায় পর্যটন খাতের স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন কুমকুম হাবিবা, অ্যাডভোকেট সামসুল ইসলাম, সাংবাদিক এস কে দাশ সুমন, তারেকুর রহমান পাপ্পু, তাপস দাশ, ধীরাজ সিনহাসহ অন্যান্যরা।
তারা সেবার মান উন্নয়ন, মূল্য স্বচ্ছতা এবং পর্যটকদের অভিযোগ ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে পর্যটন খাতে ভোক্তা-অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।





