দিরাইয়ে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সুুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের দিরাই-শাল্লা মহাসড়কের উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় কামরুল হাসান মিন্টু নামে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক কামরুল হাসান মিঠু সোমবার রাতে দিরাই থানায় দুই ছাত্রদল নেতার নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— দিরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজির আহমদ (২৮) এবং দিরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জয় (২৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল হাসান মিটু ‘দৈনিক বাংলার প্রতিচ্ছবি’, ‘সিলেটের সংগ্রাম’ ও ‘D-24 TV’ এর দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। দিরাই-শাল্লা মহাসড়কের চলমান উন্নয়ন কাজে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করায় অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।
লিখিত অভিযোগে কামরুল হাসান জানান, গত ২ জানুয়ারি সন্ধ্যায় দিরাই প্রেসক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে নাজির আহমদ ও মাহমুদুল হাসান জয় তাকে উন্নয়ন কাজের অনিয়ম নিয়ে লেখালেখি করতে নিষেধ করেন। এ সময় সাংবাদিক মিটু তার পেশাগত দায়িত্ব পালনের কথা বললে তারা উপস্থিত লোকজনের সামনে তাকে হুমকি-ধামকি দেন। পরবর্তীতে ৩ জানুয়ারি এ সংক্রান্ত একটি ভিডিও নিউজ প্রকাশিত হলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৪ জানুয়ারি রাতে অভিযুক্ত নাজির আহমদ ও মাহমুদুল হাসান জয় পৃথকভাবে সাংবাদিক মিন্টুর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে চরম অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং “আগুন নিয়ে খেললে দেখে নেওয়ার” হুমকি দেন। ২নং বিবাদী মাহমুদুল হাসান জয় তাকে শারীরিকভাবে আঘাত করার ও “বাপের নাম ভুলিয়ে দেওয়ার” হুমকি প্রদান করেন, যার ভিডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী কামরুল হাসান মিটু বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এখন সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা রাজনৈতিক পদ-পদবি ব্যবহার করে ত্রাস সৃষ্টি করছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করছি।”
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, “একজন সাংবাদিককে হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে একজন সংবাদকর্মীকে পেশাগত দায়িত্ব পালনে বাধা ও প্রাণনাশের হুমকির ঘটনায় দিরাইয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





