লোককবি প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার টাইলা গ্রামের কৃতিসন্তান লোককবি প্রতাপ রঞ্জন তালুকদারের গানের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। গ্রামবাংলার জীবন, প্রেম-বিরহ ও লোকজ অনুভূতিকে যাঁর গানে ভাষা পেয়েছে—সেই গীতিকবির সৃষ্টিকে ঘিরে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এক আবেগঘন আয়োজন হয়।
আমেরিকাপ্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিংকুর সম্পাদনায় প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন লোকগবেষক, লেখক ও সাংবাদিক সুমন কুমার দাস। তিনি বলেন, লোকগানের ভাণ্ডারে প্রতাপ রঞ্জন তালুকদারের অবদান দীর্ঘদিন অবমূল্যায়িত ছিল। এই বই সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করবে।
সাংবাদিক রওনক আহমদ বখতের সভাপতিত্বে এবং প্রভাষক ও লেখক মশিউর রহমান ও কবি আশরাফ হোসেন লিটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, লোকসংস্কৃতি আমাদের শেকড়ের পরিচয় বহন করে। প্রতাপ রঞ্জন তালুকদারের মতো গুণী স্রষ্টাদের রচনা সংরক্ষণ করা মানেই আমাদের ইতিহাসকে রক্ষা করা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, বিজন সেন রায়, লেখক আনোয়ার হোসেন রনি, সুমন রায়, শাহজাহান চৌধুরী ও ইকবাল কাগজী।
বক্তারা বলেন, অনেক লোককবি ও শিল্পী লোকচক্ষুর আড়ালে থেকে গেছেন। তাঁদের সৃষ্টি সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে তুলে ধরার দায়িত্ব বর্তমান প্রজন্মের। প্রতাপ রঞ্জন তালুকদারের গানের এই বই সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
অনুষ্ঠানজুড়ে ছিল লোকগানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর শেকড়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার।





