হবিগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ
মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ী ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ জানুয়ারি) রাত ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি -৫৫)।
এতে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল মোতায়েন করে। টহল দলটি সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এতে আরো উল্লেখ করা হয়, বিকেল আনুমানিক ৫টার দিকে একটি পুরাতন কাগজের কার্টুন বোঝাই ট্রাক সন্দেহজনকভাবে অতিক্রম করলে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান। তল্লাশি চালিয়ে ট্রাকের কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ী ও জিরা উদ্ধার করা হয়। ট্রাকচালক জব্দকৃত মালামালের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিজিবি পণ্যগুলো জব্দ করে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি -৫৫) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জব্দকৃত পণ্য হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একইসঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।





