বেগম জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক—মিফতাহ সিদ্দিকী
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
সোমবার জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিফতাহ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, তার মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারমুক্ত করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা চেয়েছিলাম আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে। দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ আর হয়নি।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী সরকারের নির্যাতন ও অবহেলার কারণে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইতিহাস এই অন্যায়ের বিচার করবে।’ তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে সিলেট-৫ আসনের বিএনপি–সমর্থিত জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দোয়া পরিচালনা করেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিব্বির আহমদ রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সাল ও ইকবাল আহমদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





