মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান মা হতে যাচ্ছেন। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন—এমন সুখবরটি তিনি নিজেই দৈনিক যায়যায়দিন-কে নিশ্চিত করেছেন।
প্রিয়াঙ্কা জামান বলেন, “প্রথমবার মা হতে যাচ্ছি—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই সুখবরে আমাদের দুই পরিবারেই আনন্দের বন্যা বইছে। আমি সবার কাছে দোয়া চাই।”
গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা জামানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্বামীর নাম রাকিবুল হাসান। তিনি নারায়ণগঞ্জের সন্তান এবং পেশায় একজন ব্যবসায়ী। বিয়ের পরদিনই নবদম্পতি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।
ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা জামান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এছাড়া মুক্তিপ্রাপ্ত ও মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ ও ‘তবুও প্রেম দামি’।





