মৌলভীবাজারে যে মাঠে জনসভায় যোগ দিবেন তারেক রহমান
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
প্রায় দুই দশক পর সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে সিলেট নগরের দরগাহ মহল্লায় হজরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
সিলেটের জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। পরে দুপুরের দিকে তিনি সড়কপথে মৌলভীবাজারে যাবেন। সেখানে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় অবস্থিত আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জনসভা।
এই জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে ১১ জানুয়ারি মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি সূত্র জানায়, জনসভাকে সফল করতে মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে একাধিক বৈঠক ও মাঠ পরিদর্শন সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রচার–প্রচারণা চলছে।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাওয়ায় জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, মৌলভীবাজারে তারেক রহমানের আগমন নেতাকর্মীদের জন্য বড় অনুপ্রেরণা। তিনি বলেন, ‘২২ জানুয়ারি দুপুর ১টার দিকে তিনি আইনপুর মাঠে পৌঁছাবেন। আমরা আশা করছি, স্মরণকালের একটি জনসভা হবে।’
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, সিলেটের পর মৌলভীবাজারে কর্মসূচি দেওয়ায় জেলার মানুষ গর্বিত ও আনন্দিত। তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ইনশাআল্লাহ জনসভাটি সফল হবে।’
জেলা বিএনপির সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপন বলেন, ‘নেতাকে বরণ করতে জেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আইনপুর মাঠে একটি স্মরণকালের জনসভা হবে বলে আমরা আশাবাদী।’





