শাল্লায় বরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
প্রীতম দাস, সুনামগঞ্জ ::
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বরাম হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আজ (সোমবার) বিকেলে উপজেলার বরাম হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন বিভিন্ন প্রকল্পের (পিআইসি) কাজ পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ৩৯, ৪০, ৪১ ও ২৪ নম্বর পিআইসি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বাঁধের কাজের অগ্রগতি সরজমিনে দেখেন। তিনি প্রতিটি প্রকল্পের পাইলিং, মাটি ভরাট ও দুরমুজ করাসহ কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখেন এবং কাজের মান নিয়ে পিআইসি সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত পিআইসি সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “হাওরের কৃষকের ফসল রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকার। কাজের গুণগত মানে কোনো ধরনের আপস করা হবে না। বৃষ্টি বা আগাম বন্যার আশঙ্কার পূর্বেই নির্ধারিত সময়সীমার মধ্যে বাঁধের কাজ শেষ করতে হবে।” তিনি স্থানীয় উপকারভোগী কৃষকদেরও কাজের তদারকিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব অসীম চন্দ্র বনিক, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব পিয়াস চন্দ্র দাস এবং সংশ্লিষ্ট পিআইসির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর আগাম বন্যার হাত থেকে বোরো ধান রক্ষায় সুনামগঞ্জের হাওরগুলোতে পানি উন্নয়ন বোর্ডের অধীনে কোটি কোটি টাকা ব্যয়ে এসব অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ের মনিটরিং টিম নিয়মিত মাঠ পর্যায়ে পরিদর্শন অব্যাহত রাখবে।





