তিন শর্তে শাকসু নির্বাচন : অঙ্গীকারনামায় সই করতে নারাজ শিক্ষার্থীরা
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে—এমন আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনে অংশগ্রহণকারী সব প্যানেলের প্রার্থীদের তিনটি শর্ত মেনে অঙ্গীকারনামায় স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে ইসি। এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের আশ্বাস পাওয়া যায়।
শিক্ষার্থীদের উদ্দেশে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেক প্যানেলের দুই থেকে তিনজন প্রার্থীর সম্মিলিতভাবে অঙ্গীকারনামা দেওয়ার কথা বলা হয়েছে।
অঙ্গীকারনামার শর্তগুলো হলো—১. শাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই। ২. শাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। ৩. নির্বাচনকালীন ও পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না।
অঙ্গীকারনামায় স্বাক্ষরকারীদের নাম, মোবাইল নম্বর ও শাকসুতে পদের নাম উল্লেখ করার কথাও জানানো হয়।
তবে শিক্ষার্থীরা এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে রাজি নন। তাঁদের ভাষ্য, প্রশাসন মৌখিকভাবে সহযোগিতার আশ্বাস দিলেও কোনো লিখিত অঙ্গীকারনামায় তাঁরা স্বাক্ষর করবেন না।




