জৈন্তাপুর-কানাইঘাটে ১৪ লক্ষ টাকার ভারতীয় মদসহ অবৈধ মালামাল জব্দ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গত ১৩ই জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির পৃথক পৃথক বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকট বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় জিরা ২৫৭ কেজি, চিনি ১৫০ কেজি, পাতার বিড়ি ৬৭২০ প্যাকেট, চা পাতা ১৩৬ কেজি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা।
এছাড়াও গত ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে জৈন্তাপুর, লালাখাল, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৫ বোতল ভারতীয় মদ, ৪৫০ কেজি চা পাতা, ২৫০ কেজি চিনি, একটি গরু এবং ২৮৫ বিড়া পান আটক করে। এসব মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৬ লক্ষ ৬ হাজার টাকা। সব মিলিয়ে দুটি অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৩ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





