পোস্টাল ব্যালটে ভোট দেবেন হবিগঞ্জের সাড়ে ১৫ হাজার ভোটার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
হবিগঞ্জ জেলায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন ১৫ হাজার ৪১০ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন এবং দুই হাজার ৩৯৫ জন নারী ভোটার। তবে এসব ভোটারদের মধ্যে এখনও অনুমোদন পায়নি ৩৪৩ জন ভোটার।
বুধবার (১৪ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ সময়ের আলোকে এ তথ্য জানান।
উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, হবিগঞ্জ-১ আসনে মোট নিবন্ধিত হয়েছেন চার হাজার ৩১৬। এরমধ্যে পুরুষ তিন হাজার ৬৬ জন, নারী ভোটার ৭১০ জন এবং অনুমোদনের অপেক্ষায় ৭৫ জন। হবিগঞ্জ-২ আসনে মোট নিবন্ধিত হয়েছেন দুই হাজার ৮৪৯জন। এরমধ্যে পুরুষ দুই হাজার ৫৭৮ জন, মহিলা ২৭১ জন এবং অনুমোদনের অপেক্ষায় আছেন ৪৭ জন ভোটার।
এছাড়া হবিগঞ্জ-৩ মোট নিবন্ধিত হয়েছেন তিন হাজার ২৬৬ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৭৯৯ জন, নারী ৪৬৭ এবং অনুমোদনের অপেক্ষায় আছেন ৮০ জন ভোটার। হবিগঞ্জ-৪ আসনে মোট নিবন্ধিত হয়েছেন চার হাজার ৯৭৯ জন। এরমধ্যে পুরুষ চার হাজার ৩২ জন, নারী ৯৪৭ জন এবং অনুমোদনের অপেক্ষায় ১৪১ জন ভোটার।
জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, একজন নিবন্ধিত ভোটার ডাকযোগে ব্যালট পেপার পাবেন। ব্যালট পূরণের মাধ্যমে ভোটকেন্দ্রে উপস্থিত না থেকেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের করতে পারবেন। বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী, সরকারি কর্মকর্তা বা জরুরি অবস্থায় থাকা ব্যক্তিদের জন্য এটি সুবিধাজনক পদ্ধতি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে।
তিনি আরও জানান, আসনভিত্তিক প্রার্থীর তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ১২ ফেব্রুয়ারি আগে ভোট দিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ব্যালট ফেরত পাঠাতে হবে। এরপর পাঠালে ভোট গণনায় যুক্ত করা হবে না।
জানা যায়, হবিগঞ্জ জেলায় ২৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এর মধ্যে ১০ জন প্রার্থীর মনোনয়ন জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। পরবর্তীতে সবাই নির্বাচন কমিশনে আপিল করলে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪ জনের মনোনয়ন বৈধ হয়েছে। হবিগঞ্জ জেলায় মোট ভোটারের সংখ্যা ১৮লাখ ৩৩ হাজার ৯৬২জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা নয় লাখ ২৮হাজার ৬৯৬ জন, নারী ভোটার সংখ্যা নয় লাখ পাঁচ হাজার ২৪২ জন এবং হিজড়া ভোটারের সংখ্যা ২৪ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬৪৭টি।





