সিলেট সুনামগঞ্জে ১ কোটি ৩০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে ১ কোটি ৩০ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।
৪৮ বিজিবি সূত্রে জানানো হয়, গত ১৩ ও ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, সোনারহাট, মিনাটিলা শ্রীপুর, পান্থুমাই, কালাইরাগ, দমদমিয়া, বাংলাবাজার কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানে বিপুল পরিমান ভারতীয় সানগ্লাস, শীতের কম্বল, শাড়ী, ইস্কফ সিরাপ, মহিষ, গরু, জিরা, কমলা, সুপারি, চিনি, বাটার, চকলেট, বিস্কুট, ফুচকা, বিয়ার, মদ, পেয়াজ, মেহেদি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন আটক করে বিজিবি । আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য=০১ কোটি ৩০ লক্ষ টাকা সমপরিমাণ।
এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





