হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড উদ্ধার
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ২:০০ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচংয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড (টিয়ার গ্যাস) উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১৪ জানুয়ারি) সকালে ছিলাপাঞ্জা এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
জানা যায়, একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানান স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ধরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পরিত্যক্ত অবস্থায় থাকা CCS-60C হ্যান্ড গ্রেনেড (টিয়ার গ্যাস) শনাক্ত করে এবং তা নিরাপদে নিষ্ক্রিয় করে।
এদিকে, ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও সেনাবাহিনী ও পুলিশের দ্রুত সমন্বিত তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমদ বলেন, “সেনাবাহিনীর উদ্ধারকৃত টিয়ার গ্যাস গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কীভাবে এবং কার মাধ্যমে গ্রেনেডটি ওই স্থানে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





