সিলেটে বিজিবির পৃথক অভিযানে সোয়া ১ কোটি টাকার চোরাই মালামাল আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পৃথক অভিযানে প্রায় সোয়া ১ কোটি টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর আওতাধীন বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বল, পেঁয়াজ, কমলা, বিভিন্ন ধরনের ওষুধ, চকলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, রসুন ও সুপারি আটক করা হয়।
এদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালায়। অভিযানে একটি ট্রাকে বালুর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





