অবৈধ বালু উত্তোলন, জাফলংয়ে গভীর রাতে ১১ জন আটক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। অভিযানে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনার অভিযোগে ১১ জনকে আটক করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন চালানোর দায়ে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানের সময় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান এবং সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, জাফলংয়ের পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





