ভোট রক্ষা করার জন্য সকলকে সজাগ থাকতে হবে : লুনা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “শুধু ভোট থাকলেই হবে না, ভোট রক্ষা করতে সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্রে না গেলে আপনার ভোট অন্য কেউ দিয়ে দিতে পারে। তাই শতভাগ ভোটারকে কেন্দ্রে গিয়ে ফলাফল বুঝে নিয়ে তারপর কেন্দ্র ত্যাগ করতে হবে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে দেশ ও জাতির সার্বিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি সরকার গঠন করলে যুবসমাজকে আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে এবং এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
লুনা আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে পরিবারকে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দুতে রেখে রাষ্ট্র পরিচালনা করা হবে। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী প্রধান পরিবারগুলোর জন্য চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’। কৃষকদের অধিকার ও উৎপাদন বাড়াতে দেওয়া হবে কৃষি কার্ড। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো সম্পূর্ণভাবে সচল করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপনের জন্য তাদের বেতন বৃদ্ধি করা হবে “
তিনি বলেন, “প্রয়াত নেতা এম. ইলিয়াস আলী যেভাবে এই অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সেই ধারাবাহিকতায় ওসমানীনগরের সার্বিক উন্নয়নের চিত্র আবারও বদলে দেওয়া হবে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে সমান গুরুত্ব দিয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্রচিন্তা বাস্তবায়নের মাধ্যমে পরিবারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি আগামী ১২ জানুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্সের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাব, ইসলাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।





