চুনারুঘাটে অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে ছাই
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি গরু পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের হানাঘড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামীম খাঁন জানান, হানাঘড়ি গ্রামের সুহেল মিয়ার গোয়ালঘরে আগুন লাগে। এতে দুটি ষাঁড়সহ চারটি গরু পুড়ে ছাই হয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত সুহেল মিয়া।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সুহেল মিয়া বলেন, তাঁর গোয়ালঘরে বিদ্যুৎ সংযোগ নেই। এ কারণে তিনি আগুনের ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন।
খবর পেয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান ও সৈয়দ সাকেরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





