জাতির কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করবে: খন্দকার মুক্তাদির
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এখন সময় তথ্যপ্রযুক্তির। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে তরুণরা দুনিয়া বদলে দিচ্ছে। এই সময়ে আমাদেরকে পিছিয়ে থাকলে চলবে না। সিলেটে বিপুল সংখ্যক তরুণ, যুবক রয়েছে, যাদের উদ্যম আছে, তথ্যপ্রযুক্তি খাতে কিছু করার চিন্তা আছে। কিন্তু সীমিত সুযোগ, গাইডলাইনের অভাব ও পরিকল্পনাহীনতায় এই উদ্যম কাজে লাগছে না। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সিলেটসহ সারাদেশে তথ্যপ্রযুক্তি খাতকে ঢেলে সাজাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করবে। প্রযুক্তি খাতে যাতে লাখো তরুণের কর্মসংস্থান হয়, সেই পরিকল্পনাও আমাদের আছে। বস্তুত প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চায় বিএনপি।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর শাহপরানের বাহুবলে উঠান বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সিলেটে আইটি পার্ক করার নামে একটা ভুতুড়ে স্থাপনা করা হয়েছে। বিএনপি এই আইটি পার্ককে সিলেটের তথ্যপ্রযুক্তি খাতের মূলকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে আইটি ইন্ডাস্ট্রি গড়ে ওঠবে, হাজারো তরুণের চাকরি হবে, হাজারো তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠবে।
মরহুম আফতাব আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান খান হারুনের সভাপতিত্বে ও ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাছুম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিভিক্স ভয়েজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকার এমবিই, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাসিত তপু, বাহুবল গ্রীণ ল্যান্ড জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফা মেহেদী হাসান খান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান।
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে চাঁদাবাজি করার কোনো সুযোগ সিলেটে দেওয়া হবে না। চাঁদাবাজদের জন্য সিলেটের মাটিতে কোনো জায়গা হবে না। গতকাল শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি হলরুমে চট্টগ্রাম সমিতি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, বিএনপির সরকার সবসময় ব্যবসাবান্ধব ছিল এবং ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিএনপির শাসনামলে দেশে টেকসই উন্নয়ন হয়েছে এবং বিপুল সংখ্যক নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে।
তিনি বলেন, সিলেটে এমন ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা হবে, যাতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। একটি শিল্প কলকারখানাকে ঘিরে আশপাশে আরও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রবাসীদের বিনিয়োগ সিলেটে আনার উদ্যোগ নেওয়া হবে এবং সিলেটকে শাকসবজি রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথাও জানান।





