সুজনের উদ্যোগ :বানিয়াচংয়ে জনগণের মুখোমুখি সংসদ নির্বাচনের প্রার্থীরা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি দেওয়ান শোয়েব রাজা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। এ সময় কালোটাকার মালিক, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক ব্যক্তিকে ভোট না দেওয়ার অঙ্গীকার করে শপথ পাঠ করেন উপস্থিত জনগণ।
উপজেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে তিনজন অংশ নেন। প্রত্যেক প্রার্থী নির্ধারিত পাঁচ মিনিট বক্তব্য দেওয়ার পাশাপাশি জনতার তিনটি করে প্রশ্নের উত্তর দেন।
স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসর আহমদ রূপক (ফুটবল প্রতীক) বলেন, তিনি সংসদ সদস্য হওয়ার আগ থেকেই জনসেবায় যুক্ত রয়েছেন। দীর্ঘ ২৮ বছরের সাংবাদিকতা জীবনে প্রায় সাড়ে ছয় হাজার রোগীর চিকিৎসায় সহযোগিতা করেছেন। নির্বাচিত হলে নদী-নালা ও জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ খাতের উন্নয়ন এবং মাদক নির্মূলে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) বলেন, নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজি কিংবা মামলা দিয়ে হয়রানি করা হবে না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়নের পাশাপাশি চিকিৎসা খাত সংস্কারে পাঁচটি ইউনিয়নের জন্য একটি নতুন হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।
বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের জোট প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন ও উন্নয়ন কার্যক্রমের তদারকি করা। তিনি বিভিন্ন দেশের সংসদ ব্যবস্থা সম্পর্কে ধারণা ও বিদেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুজনের জেলা সিনিয়র সহসভাপতি এ এস এম মহসিন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক মিসবাহ উল বারী লিটন এবং উপজেলা সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন আহমদ।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





