ফুটবল লিগে দলবদলের চমক, ব্রাদার্সের বড় শক্তি বৃদ্ধি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) মধ্যবর্তী দলবদলে বড় চমক দেখিয়েছে গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ইংল্যান্ড প্রবাসী তরুণ ফুটবলার ইকরামুল কাসপার হককে দলে ভিড়িয়েছে কমলা জার্সিধারীরা।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা থেকে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক ছাড়পত্র পেলেই কাসপার হক দ্বিতীয় পর্বে দলের হয়ে মাঠে নামতে পারবেন। একই সঙ্গে নেপালের চার ফুটবলারকে ছেড়ে দিয়ে সাফ কোটায় পাঁচজন পাকিস্তানি খেলোয়াড় নিবন্ধন করিয়েছে ক্লাবটি।
লিগের প্রথম পর্ব গত (৪ জানুয়ারি) শেষ হয়। তবে দ্বিতীয় পর্বের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই বিরতিতে বেশ কয়েকটি ক্লাব তাদের স্কোয়াড শক্তিশালী করতে নতুন খেলোয়াড় দলে টেনেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম কাসপার হক।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ২২ বছর বয়সী এই ডিফেন্ডার গত বছরের জুনে জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালে প্রথম নজর কাড়েন। গত অক্টোবরে তিনি বাংলাদেশি পাসপোর্ট পান। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘ল্যাটিন বাংলা সুপার কাপ’-এ ‘রেড গ্রিন ফিউচার স্টার্স’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে প্রশংসিত হন।
শুধু কাসপার নয়, বিদেশি খেলোয়াড়দের তালিকাতেও বড় পরিবর্তন এনেছে ব্রাদার্স। ব্রাজিলিয়ান মার্কোস রুডওয়্যারে ও আইভোরিয়ান দিদিয়ের ব্রসোকে ছেড়ে দেওয়া হয়েছে। দলে রাখা হয়েছে সেনেগালের ডিফেন্ডার মোহামেদ বেকায়ে দিয়ারা। নতুন করে গিনি থেকে ফরোয়ার্ড কারফালা কুয়াতে, মামুদু কোন্দে ও ব্যারি ইব্রাহিমাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
দক্ষিণ এশিয়ার কোটায় ব্রাদার্স নিয়েছে পাঁচ পাকিস্তানি ফুটবলার— শায়াক দোস্ত, গাজী, মুহাম্মদ উমর হায়াত, আব্দুল্লাহ শাহ ও হায়ান খাত্তাক। প্রথম পর্বে খেলা চার নেপালি ফুটবলারকে সূচি জটিলতার কারণে ছেড়ে দেওয়া হয়েছে।
লিগের প্রথম পর্ব শেষে ব্রাদার্স ইউনিয়ন ৯ ম্যাচে ২ জয়, ৩ ড্র ও ৪ হারে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।





