হবিগঞ্জ-১ আসন : ভোটের মাঠে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার বিপরীতে দল থেকে বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বিদ্রোহী প্রার্থিতা নির্বাচনী মাঠে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দলীয় বিভক্তি ও অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার কারণে এই আসনের নির্বাচন ঘিরে চলছে ব্যাপক আলোচনা।
নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। তিনি সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ.এম.এস কিবরিয়ার ছেলে।
অন্যদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। দুই হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এই আসনে নির্বাচন জমে উঠেছে।
দীর্ঘদিন এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত শেখ সুজাতের সঙ্গে স্থানীয় অনেক নেতাকর্মীর সম্পর্ক রয়েছে। ফলে দলীয় মনোনয়ন রেজা কিবরিয়া পেলেও নেতাকর্মীদের একটি অংশ প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সুজাতের প্রতি সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ হারানোর আশঙ্কায় অনেক নেতা-কর্মী প্রকাশ্যে অবস্থান না নিলেও ভেতরে ভেতরে বিভক্তি স্পষ্ট। এতে করে ধানের শীষের প্রার্থীর জন্য বিদ্রোহী সুজাত বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন।
এই আসনে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী নেই। ১১ দলীয় জোটের হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কাজী তোফায়েল আহমেদও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত শেখ সুজাত প্রার্থিতা প্রত্যাহার করবেন—এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তিনি মাঠেই রয়েছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হলেও সমাধান হয়নি।
বিএনপির একাধিক কর্মী জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তারা কাজ করছেন। তবে তৃণমূল পর্যায়ে সুজাতের জনপ্রিয়তা থাকায় ভোটের সমীকরণ জটিল হয়ে উঠেছে।
ড. রেজা কিবরিয়া বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। নবীগঞ্জ-বাহুবলের নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত।
অন্যদিকে শেখ সুজাত মিয়া বলেন, সাধারণ মানুষের ভালোবাসা থেকেই আমি প্রার্থী হয়েছি। জনগণই আমাকে জয়ী করবে।
সাধারণ ভোটাররা বলছেন, তারা উন্নয়নের প্রতিশ্রুতির চেয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান।
উল্লেখ্য, হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৬ হাজার ৫৭৬ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৪০ জন এবং হিজড়া ভোটার ৫ জন।





