মাধবপুরে সংযোগ সড়ক না থাকায় পরিত্যক্ত কোটি টাকার ব্রিজ
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রীজ গত প্রায় ১০ বছর ধরে জনসাধারণের কোনো কাজে আসছে না। হাসিনাবাদ ও জামালপুর গ্রামের সংযোগস্থলে নির্মিত এই ব্রীজটি সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে উন্নয়নের এই অবকাঠামো এখন স্থানীয়দের জন্য চরম ভোগান্তি ও ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হরষপুর রেলওয়ের ৩২ নম্বর ব্রীজের দুই পাশে প্রায় চার কিলোমিটার সড়ক নির্মাণ করা হলেও রহস্যজনক কারণে ব্রীজটির সঙ্গে সড়ক সংযোগ দেওয়া হয়নি। এতে হাসিনাবাদ, জামালপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে মাত্র কয়েক মিনিটের পথ অতিক্রম করতে ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিক্ষার্থী, মুমূর্ষু রোগী ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ব্রীজটি অচল থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিকল্প পথ না থাকায় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে রেল ব্রীজের ওপর কাঠের তক্তা বসিয়ে পারাপার হচ্ছেন। প্রায় ১৫০ ফুট দীর্ঘ এই রেল ব্রীজ পার হতে একজন সুস্থ মানুষেরও উল্লেখযোগ্য সময় লাগে। যেকোনো সময় ট্রেন চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি উন্নয়নের প্রতীক হওয়ার কথা থাকলেও বাস্তবে তা মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ রয়েছে, ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের সময় হরষপুর থেকে কাশিমনগর পর্যন্ত আধা-পাকা সড়ক নির্মাণ করা হলেও ব্রীজটি সচল করার কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘ সময় পার হলেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়াকে প্রশাসনের চরম উদাসীনতা হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, ব্রীজটির বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। এটি দ্রুত সচল ও প্রয়োজনীয় মেরামতের জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এলাকাবাসীর দাবি, শুধু আশ্বাস নয়—অবিলম্বে হাসিনাবাদ–জামালপুর সংযোগ ব্রীজটি সচল করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।





