‘অন্যায় সমর্থনকারীরা ‘কবরস্থানের মানুষ’: বিভাগীয় কমিশনার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন নবী বলেছেন, অন্যায় ও অবিচার দেখেও যারা সমর্থন করে বা প্রতিবাদ করে না, তারা মূলত “কবরস্থানের মানুষ” এবং সমাজে তাদের কোনো মূল্য নেই।
রোববার সকাল ৯টার দিকে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ভোট প্রদানও নাগরিকের মৌলিক অধিকার। দীর্ঘদিন মানুষকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যারা অন্যের আত্মসম্মান, বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করে, তারা সমাজের নিকৃষ্ট। তিনি নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও সাহসিকতার আহ্বান জানান।
ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান তিনি। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবহারের পদ্ধতি ও ফলাফল প্রেরণসহ নির্বাচন পরিচালনার বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হয়।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন—সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলা উদ্দিন, সহকারী নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম ও শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ, উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।





