মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে সাতপাড়িয়া গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে এমরান বাপ্পীর বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাধবপুর মুজিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং কালিকাপুর ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





