ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টা, আটক ৬
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। রবিবার (দুপুরে) উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় প্রথমে দুইজনকে আটক করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনকে আটক করে।
আটককৃতদের দু’জনের নাম পরিচয় পাওয়া গেলেও বাকি ৪ জনের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি, আটককৃত দু’জন শাহপরান থানার শৈলেন মল্লিকের ছেলে টিটন কুমার মল্লিক (৪৩) এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫২)। এ সময় তাদের কাছ থেকে একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-চ ১৩-৪১৬০) জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর থেকে দুটি মহিষ নিয়ে একটি পিকআপ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে একটি নোহা গাড়িতে আসা কয়েকজন নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিকআপটি থামায়। এরপর চালক ও হেলপারকে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালানো হয়।
এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা নোহা গাড়িতে থাকা দুইজনকে আটক করেন। তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয় এবং মহিষবোঝাই পিকআপটি থানায় নিয়ে যায়।
ছিনতাইকারীদের হামলায় আহত চালক ও হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চুরি ও ছিনতাই প্রতিরোধে থানা পুলিশ নিয়মিতভাবে তৎপর রয়েছে।”





