শায়েস্তাগঞ্জে ট্রাকভর্তি অবৈধ জ্বালানি কাঠ উদ্ধার, আটক ২
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে একটি ট্রাকভর্তি অবৈধ জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে এই কাঠ উদ্ধার করা হয়। অভিযানে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের মিলন মিয়া (২৫) ও মো. শুভ মিয়া (২২)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগৃহীত প্রায় ১৪০ মণ জ্বালানি কাঠ ট্রাকে করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের দিকে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এবং সিলেট বন বিভাগের বিশেষ টহল বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাকসহ তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন ডেপুটি রেঞ্জার সৈয়দ আশিক আহমেদ।
উদ্ধারকৃত কাঠ ও ট্রাকটি বর্তমানে হবিগঞ্জের ভাদৈ এলাকায় বন বিভাগের কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জেলার রেমা-কালেঙ্গা ও সাতছড়ি বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে পাচার করে আসছে। বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে রাতের আঁধারে এই পাচার কার্যক্রম চলে বলে অভিযোগ রয়েছে। নির্বিচারে গাছ কাটার ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারিও রেমা-কালেঙ্গা বনাঞ্চল থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠবোঝাই একটি ট্রাক আটক করেছিল বন বিভাগ।





