তাহিরপুরে বিএনপির দলীয় পদ থেকে দুই নেতার পদত্যাগ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
দলীয় কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করে বিএনপির সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন। তাঁর সঙ্গে একই সিদ্ধান্তের কথা জানান তাহিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি ফেরদৌস আলম।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) তাহিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ২৫ বছর আগে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়ে তিনি ও তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও উল্লেখ করেন।
রুহুল আমিন অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। তাহিরপুর উপজেলায় দুর্নীতি, চাঁদাবাজি ও লুটপাট বেড়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, যাদুকাটা এলাকায় অবাধে বালু উত্তোলন হচ্ছে। নদীপথে চলাচলকারী নৌযান আটকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। সীমান্তবর্তী চারাগাঁও, বাগলী ও বড়ছড়া শুল্কস্টেশন দখল করে চাঁদাবাজির অভিযোগও করেন তিনি। এতে হাওরাঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান।
রুহুল আমিন বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাদের একাংশ দুর্নীতি ও লুটপাটে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে এর কোনো প্রতিকার নেই। এসব কারণে বিবেকের তাড়নায় বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে ফেরদৌস আলম রুহুল আমিনের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানান, তিনিও দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি নিয়েছেন।





