গোয়াইনঘাটে শর্ট সার্কিটে আগুন, ক্ষতিগ্রস্ত একটি পরিবার
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০–২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার মিত্রমহল মাঝপাড়া এলাকায় বারেন্দ্র দাশের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গো-খাদ্য রাখার খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে বসতঘরের আসবাব, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। এ ছাড়া ঘরে রাখা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থও আগুনে নষ্ট হয়েছে। পুড়ে যাওয়া কিছু টাকার অংশ উদ্ধার করা গেছে বলে জানান তাঁরা।
বারেন্দ্র দাশ ও তাঁর পরিবারের সদস্যরা বলেন, এটি একটি দুর্ঘটনা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁদের ধারণা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।





