বড়লেখায় বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ অস্ত্র ও উচ্চ বিস্ফোরক উদ্ধার
বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে ৫২ বিজিবি ব্যাটালিয়ন অভিযানে চালিয়ে ভারতীয় অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ২৪ টি পাওয়ারজেল নাইনটি উচ্চ বিস্ফোরক, ২৩ টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩ টি পাইপ গান উদ্ধার করে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটলেখা উচ্চ বিদ্যালয় বেইজ ক্যাম্পে এক মিডিয়া ব্রিফিংয়ে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, এসব বিস্ফোরক সহ একটি গ্রুপ ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা গভীর জঙ্গলে পালিয়ে যায়।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ অস্ত্র প্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।





