জকিগঞ্জের হাওরে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা এবং লন্ডনে বসবাস করতেন। সাম্প্রতিক সময়ে তিনি সিলেট নগরীতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন হাওরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করে। স্বজনরাও ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। নিহত বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় থাকতেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুরহান উদ্দিন শফি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়ার উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি উদ্ধারের সময় গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং শরীরের কিছু অংশে আগুনে পোড়ার চিহ্ন দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে। এসব কারণে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মামলা দায়েরের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।





