হবিগঞ্জে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ডিসি কার্যালয়ের কর্মচারীদের বিক্ষোভ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১ ফেব্রুয়ারি একই দাবিতে সরকারি চাকরিজীবীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশ করেন। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজও কর্মচারীরা কর্মসূচি অব্যাহত রাখেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসলেও সরকার এখনো কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত মহাসমাবেশের পর ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।
বক্তারা অভিযোগ করেন, ২১ জানুয়ারি কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে নতুন কমিটি গঠনের মাধ্যমে সময়ক্ষেপণ করছেন। একই সঙ্গে জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ এমন মন্তব্য প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
চাকরিজীবীদের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১৫ সালের পে-স্কেলের গেজেটে বাতিল হওয়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, বেতন জ্যেষ্ঠতা সংরক্ষণ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্রাচুইটির পাশাপাশি পেনশন ব্যবস্থা চালু এবং গ্রাচুইটির হার ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ নির্ধারণ।
এছাড়াও বক্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের আন্দোলনরত সরকারি চাকরিজীবীরা আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করবেন।
আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালেক্টরেট ক্লাবের সভাপতি কাজল দাশ, সাধারণ সম্পাদক নুরুল হোসেন এবং উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ আল আমিন।





