হবিগঞ্জকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করতে হবে: কাজী মহসিন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনের নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদ বলেছেন, “হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের ঈদগাহ পয়েন্ট থেকে কাজী মহসিন জনসংযোগ কার্যক্রম শুরু করেন। এরপর শহর প্রদক্ষিণ শেষে মোতালিব চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাজী মহসিন আরও বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। লুটপাট, দলীয়করণ ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান, সদ্য জামায়াতে ইসলামে যোগদানকৃত চৌধুরী আশরাফুল বারী নোমান, ছাত্রশিবিরের কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান এবং হবিগঞ্জ পৌরসভা জামায়াতের আমির আতিকুল ইসলাম সোহাগ প্রমুখ।
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় কাজী মহসিন জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও স্থানীয় সমস্যার বিষয়ে আলোচনা করেছেন। তিনি ভোটারদের কাছে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হবিগঞ্জ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেছেন।





