জকিগঞ্জে প্রবাসী শফি হত্যা: সিসিটিভি ফুটেজে রহস্যময় যুবক
জকিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
সিলেটের জকিগঞ্জে নিখোঁজের চার দিন পর উদ্ধার হওয়া লন্ডনপ্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৪) হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নিখোঁজ হওয়ার রাতে শফি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং তাঁর পেছনে বসা ছিলেন এক অচেনা যুবক। এখন ওই ‘রহস্যময়’ যুবককে খুঁজছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, ওই যুবককে শনাক্ত করা গেলেই উন্মোচিত হবে এই নৃশংস হত্যাকাণ্ডের জট।
নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর গ্রামের সমছু মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে লন্ডনে বসবাস করছিলেন। গত ২৭ জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় ওঠেন। ৩০ জানুয়ারি কুলাউড়া যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ভয়াবহ সেই হত্যাকাণ্ড:
গত মঙ্গলবার দুপুরে জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে শফির মরদেহ উদ্ধার করা হয়। ঘাতকরা কেবল তাকে শ্বাসরোধ করে হত্যা করেই ক্ষান্ত হয়নি, পরিচয় গোপন ও আলামত নষ্ট করতে মরদেহে আগুন ধরিয়ে দেয়। লাশের গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং পাশে পড়ে ছিল একটি লবণের প্যাকেট। বুধবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তে যা মিলল:
তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজে শফির পেছনে যে যুবককে দেখা গেছে, তাঁকে পরিবারের কেউ চেনেন না। পিবিআই ও সিআইডি প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করার পর এখন ওই যুবককে ঘিরেই তদন্ত এগোচ্ছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভিতে ধরা পড়া সেই অচেনা যুবককে শনাক্ত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।”
দেশে ফেরার মাত্র দুই দিনের মাথায় কেন এমন করুণ পরিণতি হলো—তা নিয়ে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। পরিবারের পক্ষ থেকে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শফির স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





