বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন ডা. জীবন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের যৌথ প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেছেন, বানিয়াচং ও আজমিরীগঞ্জ হাওরবেষ্টিত এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার অভাবে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতেও এ দুই উপজেলাকে পিছিয়ে রাখা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সর্বদলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
ডা. জীবন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করা হলে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “আমি কথা দিচ্ছি, এ আসনের মানুষ আর পিছিয়ে থাকবে না।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে আর পিছিয়ে রাখা যাবে না। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণেরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য ধানের শীষের বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন ও উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
এ সময় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাবেক আহ্বায়ক আলহাজ লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ, গণঅধিকার পরিষদের জেলা সমন্বয়ক তাওহিদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও জোটভুক্ত সংগঠনের নেতারা।
সভা শেষে বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।





