নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ করতে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা সভা
মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারে আন্তঃসংস্থাগত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া।
সভায় কমান্ডার ১৭ আর্টিলারি ব্রিগেড, বিজিবির সেক্টর কমান্ডার, সেনাবাহিনী ও বিজিবির অধিনায়ক, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, মৌলভীবাজার জেলা প্রশাসকসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও গণভোট ঘিরে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচনকালীন সময়ে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী দায়িত্ব পালনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেকোনো ধরনের অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





