সাড়ে ছয় কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৯ অপরাহ্ণটা
ইগার পেসার মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন। প্রায় দুই কোটি ৮১ লাখ টাকায় লাহোর কালান্দার্স দলে নিয়েছে বাঁহাতি এ পেসারকে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবার ফের তাকে মোটা অঙ্কে দলে নিয়েছে লাহোর।
চুক্তি অনুযায়ী, মোস্তাফিজকে ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর, যা বাংলাদেশি টাকায় দুই কোটি ৮১ লাখ টাকার বেশি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলে নিয়ে লাহোর লিখেছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে বাছাই করা হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হয়ে পরিবারে ফিরে এসেছেন। একসময়ের কালান্দার, সর্বদা কালান্দার।
এর পূর্বে, পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে পাঁচ ম্যাচে ৬ দশমিক ৪৩ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে রিটেনশন নিয়মে।
আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন করবে দলগুলো।





