সিলেটে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত একটি দলিলকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১২ এপ্রিল জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত একটি দলিলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ভূমি অবৈধভাবে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভূমির ক্রেতা ও মূল সুবিধাভোগী কামাল উদ্দিন, তৎকালীন সাব-রেজিস্ট্রার আহাদুজ্জামান এবং দলিল লেখক মিছবাহ উদ্দিনকে আসামি করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, দলিলের তিনজন গ্রহীতার মধ্যে দুজন বিদেশে অবস্থান করছিলেন এবং একজন দলিলে স্বাক্ষর করেননি। অর্থাৎ, দলিল সম্পাদনের সময় মো. কামাল উদ্দিন ছাড়া অন্য কোনো গ্রহীতা উপস্থিত ছিলেন না। তদন্তে আরও দেখা যায়, মো. কামাল উদ্দিন পেমান পাত্রকে প্রভাবিত করে দলিল সম্পাদনে প্ররোচিত করেন।
অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ভূমির প্রকৃত মূল্য ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা। তবে দলিলে তা ১০ লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়। অথচ পেমান পাত্রকে দেওয়া হয় মাত্র ২ লাখ টাকা।
দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, এ ঘটনায় দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে আইন লঙ্ঘন করেছেন। মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





