তাহেরীর শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে বিতর্ক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) সংসদীয় আসনের নির্বাচনী ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াসউদ্দিন তাহেরী। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার শ্বশুরবাড়ির ঠিকানা নিয়ে অস্পষ্টতা ও তথ্যের অসংগতি দেখা দেওয়ায় স্থানীয় ভোটারদের মাঝে শুরু হয়েছে সমালোচনা ও নানা গুঞ্জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর প্রকৃত শ্বশুরবাড়ি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাশিপুর (বেঙ্গাডুবা) এলাকায়। প্রায় ১৫ বছর আগে তিনি ওই এলাকার একটি সুপরিচিত পীর পরিবারে বিয়ে করেন—যা স্থানীয়ভাবে সবার জানা। তবে নির্বাচনী হলফনামায় তিনি শ্বশুরবাড়ির ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন চুনারুঘাট উপজেলার কাশিপুর গ্রাম।
উভয় উপজেলাতেই ‘কাশিপুর’ নামে দুটি আলাদা গ্রাম থাকলেও ভৌগোলিক অবস্থান ও প্রেক্ষাপট ভিন্ন। ফলে হলফনামায় নিজের উপজেলার ঠিকানা বাদ দিয়ে অন্য উপজেলার ঠিকানা ব্যবহারের বিষয়টি সাধারণ ভোটারদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে। অনেকেই একে ভোটারদের সমর্থন আদায়ের ‘কৌশল’ হিসেবে দেখছেন।
মাধবপুর উপজেলার বাসিন্দা শাহিন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা জানি তার শ্বশুরবাড়ি আমাদের এখানেই। কিন্তু হলফনামায় ভিন্ন ঠিকানা দেখে আমরা হতাশ। একজন আলেমের কাছ থেকে মানুষ সব সময় স্বচ্ছতা আশা করে।”
এ প্রসঙ্গে প্রখ্যাত পীর যুবায়ের কামাল মন্তব্য করেন, “রাজনীতিতে সত্য ও নৈতিকতা বজায় রাখা জরুরি। ঠিকানার মতো মৌলিক বিষয়ে অস্পষ্টতা মানুষের আস্থায় চিড় ধরাতে পারে।”
এদিকে, ঠিকানা সংক্রান্ত এই বিতর্কের বিষয়ে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে জনমনে ধোঁয়াশা আরও বাড়ছে।




