বড়লেখার ঝুঁকিপূর্ণ ৫৮ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বড়লেখা উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের অতীতের গোলযোগের তথ্যের ভিত্তিতে ৫৮ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণ ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
এগুলোর প্রত্যেকটিতে থাকবে অতিরিক্ত পুলিশ ফোর্স, সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি এই আসনে (৫২-বিজিবি) ব্যাটালিয়ন কঠোর নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করেছে। মোতায়েন করা হয়েছে সাড়ে ১২ প্লাটুন বিজিবি সদস্য।
ভোটারের নিরাপত্তা আরও জোরদার করার জন্য বড়লেখা নির্বাচনী এলাকায় ৬৯ টি ভোট কেন্দ্রের মধ্যে চিহ্নিত ৫৮ টি ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্র ১১৩ টি, ভোট কক্ষ ৬৩২ টি, পুরুষ ভোটার ১ লক্ষ ৬৭ হাজার ১৮০ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৭২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। সব মিলিয়ে সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩১ হাজার ২৫৪ জন।
সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোট কেন্দ্রগুলোর অতীত গোলযোগের তথ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরি চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫৮ টি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোর প্রতিটিতে থাকবে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন সশস্ত্র আনসার, দশজন লাঠিধারী আনসার ছাড়া একাধিক গ্রাম পুলিশ। এছাড়াও থাকবে পুলিশ ফোর্সসহ অন্যান্য বাহিনীর বিশেষ নজরদারি।




