সিলেটে অবৈধ অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার, নির্বাচনে ঝুঁকি নেই: র্যাব
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে র্যাব। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ঝুঁকি বা হুমকি নেই। যৌথবাহিনীর অভিযানে ইতিমধ্যে অবৈধ অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৯।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের মদনমোহন কলেজে একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-৯–এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। সংখ্যালঘু ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
র্যাব জানায়, নির্বাচনকালীন সময়ে প্রতিটি সংসদীয় আসনে র্যাবের দল দায়িত্ব পালন করবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি গুজব ও অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।
উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, ‘ভোটাররা যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আমরা মাঠে থাকব। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’





