‘নতুন প্রজন্ম নতুনত্ব দেখতে চায়’ : শিশির মনির
দিরাই প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, ‘নতুন প্রজন্ম পচা রাজনীতি নয়, নতুনত্ব দেখতে চায়।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিরাই মিনি স্টেডিয়ামে ঐক্য ও সম্প্রীতির ব্যানারে দাঁড়ি পাল্লার সমর্থনে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার ধারণা ছিল ৫ আগস্টের পর আমাদের সমাজ বদলাবে, চরিত্রের পরিবর্তন হবে, আমি খুব প্রত্যাশা করেছিলাম রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে।
প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, শিশির মনির কাউকে সমালোচনার উত্তর দিতে বাধ্য নই। জামায়াত মনোনীত এ প্রার্থী বলেন, পাশ ফেল যাই করি ৬ মাসের মধ্যে দিরাই শাল্লার কোনো এক উপযুক্ত জায়গায় প্রতিবন্ধী হাসপাতাল করব, ইতোমধ্যে জমির মালিকের সঙ্গে আলাপ হয়েছে।
শিশির মনির জীবন ও সমাজের শিক্ষা তুলে ধরে বলেন- সত্য ও মিথ্যা, সুখ-দুঃখের মধ্যে মানুষের পাশে থাকাই সফলতা।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, ঐক্য ও সম্মানই সমাজকে এগিয়ে নেয়।
উপজেলা আমির আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতা ও সমাজকর্মীরা। এসময় বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিলসহ উপস্থিত হয়ে দাঁড়ি পাল্লার সমর্থন জানিয়েছেন।




