জুড়ীতে জামায়াতের নেতাকর্মীর উপর হামলার অভিযোগ
জুড়ী প্রতিনিধি >
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ও গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠু জুড়ীর বাসার সামনে ঘটনা ঘটে।
হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।
এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। তাদেরকে মিঠুর লোকজন আহত করে বলে জানান আব্দুল্লাহ নামের আহত একজন।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়।
এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান সহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনও কে বিষয়টি অবগত করেছি।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গেলে আপনাদেরকে বলতে পারব সেখানে কি ঘটেছে।




