শায়েস্তাগঞ্জে ড্রেনের ময়লা পানি উপচে সড়কের বেহাল দশা
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:০০ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের পাশের ড্রেনটি ময়লায় ভরে উপচে পড়ায় সড়কের ওপর জমে আছে দুর্গন্ধযুক্ত নোংরা পানি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও মুসল্লিদের।
স্থানীয়রা জানান, ড্রেন পরিষ্কার না করায় প্রায় ৬ থেকে ৭ মাস ধরে একই অবস্থা বিরাজ করছে। বিশেষ করে পাশেই অবস্থিত একটি মসজিদের মুসল্লিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। নামাজের আগে অজু করে মসজিদে যাওয়ার সময় অনেকের কাপড়ে ড্রেনের নোংরা ও প্রস্রাবমিশ্রিত পানি লেগে পবিত্রতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।ড্রেনের পাশের ব্যবসায়ীরা বলেন আমরা দোকানে নোংরা পানির গন্ধে দোকানে বসে ব্যবসা করতে বিড়ম্বনায় পরি।
এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল ছাত্রী জানান, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজে যাই। প্রচণ্ড দুর্গন্ধে নাক চেপে চলতে হয়। অনেক সময় কাপড়ে নোংরা পানি লেগে যায়। এতে খুব কষ্ট হয়। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।”
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় সড়কটি এখন জনস্বাস্থ্যের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুর্গন্ধের পাশাপাশি রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে ড্রেন পরিষ্কার ও স্থায়ী সমাধানের জোর দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রশ্ন—পৌরসভার দায়িত্বপ্রাপ্তরা কি এই জনদুর্ভোগ দেখছেন না? দ্রুত ব্যবস্থা না নিলে জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন তারা।




