আন্ডারগ্রাউন্ড পিস লাভারস ব্যান্ডের দস্তগীর হক আর নেই
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের অন্যতম পুরোধা শিল্পী ‘আন্ডারগ্রাউন্ড ডিস লাভারস’ ব্যান্ডের লিড ভোকাল ও গিটারিস্ট দস্তগীর হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন রোগভোগের পর আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, দস্তগীর হক দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে অবস্থার অবনতি হলে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও একমাত্র পুত্র মাসাব হককে রেখে গেছেন।
আজ বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পুত্র মাসাব হক। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দস্তগীর হক ছিলেন সত্তর দশকের জনপ্রিয় ব্যান্ড ‘আন্ডারগ্রাউন্ড ডিস লাভারস’-এর লিড ভোকাল ও গিটারিস্ট। ১৯৭২ সালে গঠিত এই ব্যান্ডটি বাংলাদেশের আধুনিক ব্যান্ড সংগীত আন্দোলনের সূচনালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যান্ডটির সংগীত পরিবেশনা সেই সময়ের তরুণ সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
তিনি একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবারের সন্তান। তিনি কিংবদন্তি গিটারিস্ট নয়ন মুন্সীর বড় ভাই এবং পাকিস্তানে সংগীতাঙ্গনে ব্যাপক আলোচিত প্রখ্যাত শিল্পী আলমগীর হকের ছোট ভাই। তার বোন জর্জিনা হকও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই পরিবারটি কয়েক দশক ধরে উপমহাদেশের সংগীত ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
দস্তগীর হকের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিল্পী, সংগীতপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা তাকে একজন নিরহংকারী, মেধাবী ও সময়ের চেয়ে এগিয়ে থাকা শিল্পী হিসেবে স্মরণ করছেন।
শিল্পীর পরিবার তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




