নির্বাচনকে সামনে রেখে সিলেটে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
সিলেটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কোনো ধরনের ঝুঁকি নেই।
বুধবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের বুথ ও ভোটকক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
কমিশনার জানান, নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত মহড়া কয়েকদিন ধরেই চলছে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৪ জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী নিরাপত্তা জোরদারে ৬৬টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম এবং ২টি স্ট্যান্ডবাই টিম মাঠে কাজ করবে। এছাড়া ‘জিনিয়া’ অ্যাপের মাধ্যমে প্রতিটি কেন্দ্র থেকে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা হবে। কোনো সমস্যা দেখা দিলে অ্যাপের মাধ্যমে নিকটবর্তী মোবাইল টিম স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।
এসএমপি কমিশনার আরও জানান, ছয়টি থানার আওতায় ১০টি ড্রোন সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। কোথাও অবৈধ জমায়েত বা অস্ত্রসহ অবস্থানের চেষ্টা করলে আগেভাগেই তা শনাক্ত করা সম্ভব হবে।
সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্ভয়ে ভোট প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। ভোট দিতে কেউ বাধা দিলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম ‘লিপফ্রগ’ পদ্ধতিতে টহল দেবে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবেন।
এসএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ সময় পর ভোটকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তাতে জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং একটি সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।





