জয়ের পথে সারা সিলেটে বড় ফ্যাক্টর আওয়ামী লীগের ভোট
মীর্জা শরিফ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে সিলেট বিভাগে ভোটের মূল ফ্যাক্টর হয়ে উঠেছে আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু ভোটার। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বেশিরভাগ আসনে নির্বাচনের ফল নির্ভর করছে এদের সমর্থনের ওপর।
সিলেট বিভাগের ১৯টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৭৮ লাখ ৫৫ হাজার। এর মধ্যে সিলেট জেলায় ভোটার ২৭ লাখ ১৫ হাজার, সুনামগঞ্জে ১৯ লাখ ২২ হাজার, হবিগঞ্জে ১৭ লাখ, এবং মৌলভীবাজারে ১৫ লাখ ১৬ হাজার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিটি আসনে আওয়ামী লীগের নীরব ভোটার এবং সংখ্যালঘু ভোটাররা মূল প্রভাবক।
মৌলভীবাজার-১ আসনের উদাহরণ স্পষ্ট। এখানে সংখ্যালঘু ভোটার সংখ্যা প্রায় ৮০ হাজার। চা শ্রমিক, আদিবাসী ভোটার এবং আওয়ামী লীগের নিজস্ব সমর্থক মিলিয়ে প্রায় ৬০ হাজার ভোটার নির্বাচনের মূল শক্তি হিসেবে বিবেচিত। বিশ্লেষকরা বলছেন, যে প্রার্থী সবচেয়ে বেশি সমর্থন আদায় করতে পারবেন, তিনিই জয়ী হবেন।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি প্রার্থী তাহসিনা লুনা ও জামায়াত জোটের মুহাম্মদ মুনতাসির আলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে ভোটের শেষ পর্যায়ে জয় নির্ধারণে আওয়ামী লীগের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট মহানগর ও জেলার অন্যান্য আসনেও একই চিত্র দেখা যাচ্ছে। নির্বাচনী মাঠের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিটি দলের মনোযোগ এখন নীরব ভোটার এবং সংখ্যালঘু ভোটারদের দিকে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন, “সারা সিলেটে এই আসনগুলোতে আওয়ামী লীগের ভোটই মূল ফ্যাক্টর। যে প্রার্থী আওয়ামী লীগের ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায় করতে পারবে, তিনিই আসল জেতার প্রার্থী।”




