এক রাতে যতো অঘটন সিলেটে
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:২০ অপরাহ্ণত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে সিলেটের বিভিন্ন স্থানে একাধিক ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলা, পোলিং কর্মকর্তা আটক ও টাকা বিতরণের অভিযোগ—এসব ঘটনাকে ঘিরে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশের চেষ্টাকালে তিন যুবককে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, প্রথমে ওই তিনজন নিজেদের আনসার সদস্য পরিচয় দেন। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা পর্যবেক্ষক বলে দাবি করেন। তবে তাঁদের গলায় ঝোলানো পরিচয়পত্রে রিটার্নিং কর্মকর্তার সিল ও স্বাক্ষর না থাকায় সন্দেহ হয়। পরে জনতা তাঁদের আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের নাম–পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বালাগঞ্জে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার
একই রাতে বালাগঞ্জ উপজেলায় প্রার্থীর এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হন।
নির্বাচন–সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ৮টার দিকে সিলেট–৩ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে বিএনপি প্রার্থী এম এ মালিকের অনুসারীরা প্রতিবাদ জানান। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে এবং প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হন।
জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, রাতের বেলায় কেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
জৈন্তাপুরে পোলিং কর্মকর্তা আটক, প্রত্যাহার
জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে জামায়াত নেতার বাড়িতে দাওয়াতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হন আনোয়ার হোসেন নামে এক পোলিং কর্মকর্তা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন।
রাত পৌনে ১টার দিকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগে উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি ও স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে স্থানীয়রা আটক করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
ভোটের আগের রাতে ধারাবাহিক এসব ঘটনায় সিলেটের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।





